ডেস্ক নিউজ : পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পিরোজপুরের মুক্তারকাঠী বাইপাস সড়কে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষক দলের দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ উদ্যোগের আওতায় পিরোজপুর জেলায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হাবিব খান।
বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক পরিসরে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে মোট ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে।


















