জনপথ ডেস্ক : পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবন ও সংরক্ষণের অভিযোগে দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধায় পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুর সদর উপজেলার আলামকাঠি এলাকার মৃত্যুঞ্জয় দাসের ছেলে আকাশ দাস (২১) এবং কুমারখালী ফরেস্ট অফিস এলাকার ৪ নম্বর ওয়ার্ডের দিলিপ মৃধার ছেলে দিগন্ত মৃধা (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নবগোপাল সাহা।
অভিযানকালে ইয়াবা সেবন ও সংরক্ষণের অভিযোগে আকাশ দাস ও দিগন্ত মৃধাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবগোপাল সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। মামলার পর তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।














