Wednesday , 14 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, অভিযানে সহযোগিতায় কর্মকর্তাকে মারধর

জনপথ ডেস্ক : পিরোজপুরের নাজিরপুরে অবৈধভাবে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানার পর এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী কর্মকর্তা বিপুল কুমার মল্লিক (৪৬) নাজিরপুর উপজেলা কৃষি কার্যালয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। অভিযুক্ত সার ব্যবসায়ীর নাম মো. বাবুল মোল্লা (৫৫)।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, বাবুল মোল্লা দীর্ঘদিন ধরে দীঘিরজান বাজারে লাইসেন্স ছাড়া সার বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিবের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দায়িত্ব পালন করেন বিপুল কুমার মল্লিক।
এ সময় বাবুল মোল্লার দোকান ও গুদাম তল্লাশি করে দুই বস্তা ইউরিয়া, সাড়ে তিন বস্তা ডিএপি, এক বস্তা এমওপি ও পাঁচ বস্তা টিএসপি সার পাওয়া যায়। অননুমোদিতভাবে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযোগে বলা হয়, অভিযান শেষে বিকেল সোয়া পাঁচটার দিকে বিপুল কুমার মল্লিক বাজারে ব্যক্তিগত কাজে গেলে বাবুল মোল্লা তাঁর পথরোধ করেন। অভিযানে সহযোগিতা করার কারণে তাঁকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার কথা বলে বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় তাঁকে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত কর্মকর্তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা বলেন, পূর্বের অভিযোগের ভিত্তিতে লাইসেন্সবিহীন সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাবুল মোল্লাকে জরিমানা ও সার জব্দ করা হয়। অভিযানের সময় তিনি তাঁর সঙ্গেও অসদাচরণ করেন। পরে অভিযান শেষে তাঁরা চলে আসার পর ওই ব্যবসায়ী উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল মল্লিকের ওপর লাঠি দিয়ে হামলা চালান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব বলেন, দীঘিরজান বাজারের ব্যবসায়ী বাবুল মোল্লার দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে কৃষি বিভাগের এক কর্মকর্তাকে মারধরের ঘটনা তিনি শুনেছেন। এ বিষয়ে বুধবার অফিস খোলার পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষার ফল প্রকাশ, শনিবার সকাল ১১ টায় মৌখিক পরীক্ষা 

পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা

যে জন্য নিজেকে ‘জাতীয় ফুপু’ বললেন দীপা খন্দকার

প্রয়াত কৃষক দল নেতা মিজানের পরিবারের পাশে জেলা যুবদল, ১ লাখ টাকা অনুদান দিলেন সদস্য সচিব মাসুদ

প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

পিরোজপুরে মহাসড়কে ট্রাক উল্টে চালক আটকা, ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার

বাগেরহাট জেলা হাসপাতালে নতুন নিয়োগ, ক্ষোভে ওয়ার্ড মাস্টারের কক্ষে তালা ১৫ বছর কাজ করেও অনিশ্চয়তায় আয়া-সুইপার-ওয়ার্ডবয়, নামমাত্র বেতন দেওয়ার অভিযোগ

৬০ বছরেও সংস্কার হয়নি স্লিপার ব্রিজ, দুর্ঘটনার শঙ্কায় ২০ হাজার মানুষ: নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন

কাউখালীতে জমে উঠেছে সুপারির হাট, সন্তোষজনক দামে খুশি চাষি-বাগানমালিক

কাউখালী-বরিশাল রুটে সরাসরি নেই কোনো বাস, ভোগান্তিতে হাজারো যাত্রী