ডেস্ক নিউজ : জাতীয় পর্যায়ে একাধিক অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পিরোজপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মোঃ ইছা আল মাহিম বৃহস্পতিবার (৬ আগস্ট) পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক ইছা আল মাহিমকে তাঁর ধারাবাহিক সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি ভবিষ্যতেও অধ্যবসায়, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।
মোঃ ইছা আল মাহিমের জাতীয় পর্যায়ের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে— জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫-এর অভিনয় বিভাগে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন, বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫-এ কবিতা আবৃত্তি ও গল্প বলা বিভাগে সারা দেশে প্রথম স্থান অর্জন।
জেলা প্রশাসন, পিরোজপুর জানিয়েছে, এই মেধাবী শিক্ষার্থীর অসাধারণ সাফল্যে তারা গর্বিত। তাঁর এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে।
জেলা প্রশাসন ইছা আল মাহিমের উত্তরোত্তর সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছে।
















