Tuesday , 3 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

এতিমখানার অনুদান ও উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ, বরখাস্ত চেয়ারম্যান ফারুক

জুলফিকার আমীন সোহেল, মঠবাড়িয়া : এতিম শিশুদের নামে সরকারি অনুদান উত্তোলন, উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জমি দেওয়ার প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়াসহ একের পর এক অভিযোগ উঠেছে পিরোজপুরের মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান এ বি এম ফারুক হাসানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এতিমখানার অস্তিত্ব নিয়ে প্রশ্ন, পরিষদের সৌন্দর্যবর্ধন প্রকল্পে অনিয়ম এবং জমির জাল পর্চা তৈরির অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
অভিযোগের পরিধি একটি-দুটি প্রকল্পে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে সরকারি অর্থের ব্যবহার, উন্নয়নকাজ এবং জমি-সংক্রান্ত নানা কর্মকাণ্ড নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ জমেছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হন ফারুক হাসান। এরপর সীমানা জটিলতা ও আদালতে মামলা চলার কারণে দীর্ঘ সময় নির্বাচন ছাড়াই তিনি দায়িত্ব পালন করেন বলে জানা গেছে। এ সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।
তাঁর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ সমাজসেবা অধিদপ্তরের এতিমখানা ও শিশু সদনের সরকারি অনুদান নিয়ে। নথিপত্রে ‘ফারুক হাসান শিশু সদন ও হেফজখানা’ নামে একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির নামে ২৪ জন এতিম শিশুর জন্য সরকারি বরাদ্দ নেওয়ার তথ্য রয়েছে। তবে সরেজমিনে প্রতিষ্ঠানটির কার্যক্রম, এতিম শিশুদের বসবাস কিংবা হেফজখানার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বাস্তবে কার্যক্রম না থাকলেও বছরের পর বছর প্রতিষ্ঠানটির নামে সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে।
এ ছাড়া ইউনিয়ন পরিষদ ভবনের সৌন্দর্যবর্ধন ও অবকাঠামো উন্নয়নে টাইলস স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে কাজ করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, কাজ না করেই প্রকল্পের অর্থ উত্তোলন এবং বিল-ভাউচার তৈরি করা হয়েছে।
জমি-সংক্রান্ত অভিযোগের বিষয়ে স্থানীয়দের দাবি, জমি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে জমি বা দলিল বুঝে চাইলে ভুক্তভোগীদের হয়রানি ও হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকি সেটেলমেন্ট অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজশে জাল পর্চা তৈরির মাধ্যমে জমি দখলের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান এ বি এম ফারুক হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘এতিম শিশুদের নামে বরাদ্দ করা অর্থ কোথায় গেল? উন্নয়ন প্রকল্পের টাকা দিয়ে কী কাজ হয়েছে? জমি জালিয়াতির অভিযোগের পেছনে কারা জড়িত, তা আমরা জানতে চাই।’
মঠবাড়িয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য মামুন মোর্শেদ সরোয়ার বলেন, ‘এ বি এম ফারুক হাসানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং জাল পর্চা তৈরি করে জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে।’
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যান এ বি এম ফারুক হাসান আমাদের বসতবাড়ির কয়েক বিঘা জমির পর্চা পরিবর্তন করিয়ে লোকজনের মাধ্যমে আত্মসাৎ করেছেন। শুধু আমাদের নয়, সদর ইউনিয়নের আরও অনেকের জমি তিনি আত্মসাৎ করেছেন। আওয়ামী লীগের শাসনামলে তাঁর বিরুদ্ধে কথা বললেই হুমকি-ধমকি, হামলা ও মামলার ভয় দেখানো হতো।’
ইউপি সদস্য ছবির আকন বলেন, ‘চেয়ারম্যান এ বি এম ফারুক হাসানের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। পরিষদের সৌন্দর্যবর্ধনের কথা বলে টাইলস স্থাপনের জন্য বরাদ্দ নেওয়া হলেও তেমন কোনো কাজ করা হয়নি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে জমি আত্মসাৎ-সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে।’
অভিযোগের বিষয়ে এ বি এম ফারুক হাসানকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে চেয়ারম্যান এ বি এম ফারুক হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে এলাকাবাসীর দাবি, শুধু সাময়িক বরখাস্ত করেই যেন বিষয়টি শেষ না হয়। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সরকারি অর্থের প্রকৃত ব্যবহার নিশ্চিত করা, অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং জমি-সংক্রান্ত অভিযোগের প্রতিকার করা হোক।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে দ্বিতীয় প্রান্তিকের ফল প্রকাশ, মা সমাবেশে শিক্ষার মানোন্নয়নে জোর

পজেটিভ পিরোজপুরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুরের মাছ ধরার অভিযোগে আলোচনায় খাদ্য কর্মকর্তা, জব্দের পর নিলামে বিক্রি

মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে পিরোজপুরে সামাজিক ঐক্যের আহ্বান

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

গেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের নিয়ে পিরোজপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

দোকান বরাদ্দে বৈষম্যের অভিযোগে ক্ষোভ, মঠবাড়িয়া ফিস মার্কেটের পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

পিরোজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক

পিরোজপুরে ১৩ বছর বয়সী কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড