জনপথ ডেস্ক : পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নবগোপাল সাহা।
অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ইয়ামিন ইসলাম আপন (১৯), তাছিন আহম্মেদ (১৯) ও তাহসিন সামী (২০)কে।
গ্রেপ্তার ইয়ামিন ইসলাম আপন পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর এলাকার শামীম মোল্লার ছেলে। তাছিন আহম্মেদ বাঁশবাড়িয়া এলাকার মো. জিয়াউর রহমানের ছেলে এবং তাহসিন সামী ভাইজোড়া এলাকার শেখ শহিদুল ইসলামের ছেলে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবগোপাল সাহার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। মামলায় প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্টের রায়ের পর দণ্ডপ্রাপ্ত তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
















