জনপথ ডেস্ক : পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মায়েদের বিশেষ সম্মাননা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট কবির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাইক।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফলাফলের দিক থেকে জিয়ানগর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এ বছর বিদ্যালয় থেকে ৫৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫১ জন কৃতকার্য হয়েছে। বিদ্যালয়ের পাসের হার ৯২ দশমিক ৭৩ শতাংশ।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থী—জান্নাতুল মাওয়া, নাদিয়া আক্তার মৌরি ও সারা জাকিরকে কৃতি সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের মায়েদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়া ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ইসরাত জাহান, সারা মাহজাবিন, জান্নাত, অরিত্রি হালদার ও অন্বেষা সাহাকেও কৃতি সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলার চর্চায় গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে রফিকুল ইসলাম, বাবুল হোসেন, সাইফুল ইসলাম মিন্টুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।















