জনপথ ডেস্ক : পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে ভান্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় বরিশালগামী ভান্ডারিয়া টোলপ্লাজার সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. তাজেল হাওলাদারের কাছ থেকে ৫০ পিস এবং মো. কবির খলিফার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে ইয়াবাসহ তাজেল হাওলাদার ও কবির খলিফাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

















