জনপথ ডেস্ক : পিরোজপুর সদর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীমের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচয় বিনিময় করেন। এ সময় সাংবাদিকরাও নিজেদের পরিচয় ও কর্মরত গণমাধ্যম সম্পর্কে ইউএনওর সঙ্গে পরিচিত হন।
পরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা, জনদুর্ভোগ এবং স্থানীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকরা আলোচনা করেন ও সেসব বিষয় ইউএনওর নজরে আনেন। সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, দপ্তর সম্পাদক তামিম সরদার, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন তালুকদার, সিনিয়র সাংবাদিক খালিদ আবু, মনিরুজ্জামান নাসিম আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা বলেন, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার হলে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, মাঠ পর্যায়ে গণতান্ত্রিক ব্যবস্থায় কাজ করতে গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশ পায়। তাই তথ্যের প্রবাহ যেন সঠিক ও বস্তুনিষ্ঠ থাকে, সে বিষয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমি সর্বদা আপনাদের পরামর্শ চাই। জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রশাসনের নজরে আনতে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের উত্থাপিত জনদুর্ভোগ ও বিভিন্ন অসঙ্গতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পিরোজপুর সদর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম।


















