স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেল ৪টায় পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে র্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন ও সালমান জাকিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ। এ সময় জেলা, পৌরসভা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ভূমিকা আরও কার্যকর করতে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।
তাঁরা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
















