জনপথ ডেস্ক : মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে পিরোজপুরে শুরু হয়েছে ২২ দিনের বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম। অভিযানের উদ্বোধনের পর কালিগঙ্গা ও কচা নদীতে জেলা প্রশাসন, নৌবাহিনী, পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে যৌথ মহড়া পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় হুলারহাট লঞ্চ টার্মিনাল থেকে ‘মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৬’-এর আওতায় এ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, পিরোজপুর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান-পিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহামুদুর রহমান মামুন ও কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।
পরে জেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও মৎস্য বিভাগের সদস্যদের সমন্বয়ে গঠিত টিম কালিগঙ্গা ও কচা নদীতে যৌথ মহড়া দেয়। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত।
মহড়া শেষে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, মা ইলিশ রক্ষা ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। নিষেধাজ্ঞার সময়ে নদ-নদীতে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে মৎস্যজীবীদের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে জেলার সব জেলে সরকারের এ সহযোগিতা পেয়ে যাবেন। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে এ কার্যক্রমে সহযোগিতা করতে হবে।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, মজুদ, সংরক্ষণ, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ থাকবে। এ সময়ে জেলার বিভিন্ন নদ-নদী ও মাছঘাটে নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরা বন্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় জেলেদের সচেতন করার পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মা ইলিশ রক্ষা, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এ ২২ দিনের বিশেষ কার্যক্রম পরিচালনা করছে প্রশাসন ও মৎস্য বিভাগ।

















