জিয়াউল হক : অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত জরুরি সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ নম্বরে কল করার গুরুত্ব তুলে ধরে প্রচারণা চালিয়েছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সোমবার সকালে পিরোজপুরের শংকরপাশা জি. হায়দার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় জরুরি সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নাসরিন, পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস এবং ফায়ার ফাইটার মো. রাসেল শেখ।
এ সময় বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের জরুরি সহায়তা পেতে ১০২ নম্বরে কল করতে হবে। এ ছাড়া ০১৯০১-০২৩৯৫৯ নম্বরে যোগাযোগ করেও দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তা পাওয়া যাবে।
বক্তারা আরও বলেন, জরুরি মুহূর্তে দ্রুত সহায়তা নিশ্চিত করতে নারী-পুরুষ, শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ফায়ার সার্ভিসের হটলাইন ও জরুরি যোগাযোগ নম্বর ছড়িয়ে দিতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তাঁরা।
















