জনপথ ডেস্ক : জাতীয় পর্যায়ে ঢাকায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান অনুষ্ঠানে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের পাশাপাশি সারা দেশের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পিরোজপুরেও জেলা পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার সাতজন ইয়ুথ ভলান্টিয়ারকে তাঁদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও অনুদানের চেক দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুর এর যৌথ উদ্যোগে আয়োজিত পুরস্কার ও অনুদান প্রদান অনুষ্ঠানের অংশ হিসেবে পিরোজপুর জেলা পর্যায়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহামুদুর রহমান মামুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবদুল হাই মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্বাচিত সাতজন ইয়ুথ ভলান্টিয়ারকে তাঁদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড ও অনুদানের চেক তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী তরুণদের মেধা ও দক্ষতার বিকাশ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি তরুণদের নিজস্ব যোগ্যতা, মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তন ও দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতি দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করছে। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের সমাজসেবায় উৎসাহিত করার পাশাপাশি যুব সংগঠনগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা দেওয়া হচ্ছে।


















