কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে স্বপন দেবনাথ (৪৬) নামের এক টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকার একটি রেইনট্রি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্বপন দেবনাথ কাউখালী উপজেলা সদরের কাপুরিয়াপট্টি এলাকার ‘শ্রুতি টেইলার্স’-এর মালিক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কাউখালীতে ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকায় একটি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় স্বপনের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ থানায় নেওয়া হয়।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর দাবি, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বপনের সঙ্গে তাঁর স্ত্রীর বিরোধ চলছিল। এ ছাড়া দোকানের কাজে মনোযোগ না দিয়ে মোবাইল ফোনে গেম খেলায় বেশি সময় ব্যয় করা নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি হতো বলে তাঁরা জানান। ঘটনার আগে তাঁর স্ত্রী মোবাইল ফোনটি নিয়ে গিয়েছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব বিষয়ের সঙ্গে তাঁর মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে স্বপন দেবনাথের স্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।















