জনপথ ডেস্ক : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজমন্দিরে শারদীয় দুর্গাপূজার অষ্টমীর অঞ্জলিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পূজা চেরী। ব্যতিক্রমী সাজসজ্জা, পৌরাণিক কাহিনিনির্ভর উপস্থাপনা এবং সারিবদ্ধভাবে সাজানো ১৬০টি প্রতিমা ঘিরে মন্দিরটি পরিণত হয়েছে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের হালদার বাড়িতে অবস্থিত রাজমন্দিরে উপস্থিত হন পূজা চেরী। মন্দিরের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা পিরোজপুর জেলা হাসপাতালের অর্থোপেডিকস বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুদীপ কুমার হালদার এবং তাঁর স্ত্রী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. স্নিগ্ধা চক্রবর্তীর আমন্ত্রণে তিনি সেখানে যান। এ সময় পূজামণ্ডপে দর্শনার্থীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়ে পৌরাণিক কাহিনির বিচিত্র উপস্থাপনা। কোথাও পৌরাণিক যুদ্ধ ও বীরত্বের দৃশ্য, কোথাও দেব-দেবীর নানা কাহিনি। শিল্পকর্ম ও ধর্মীয় আবহের সমন্বয়ে সাজানো মণ্ডপজুড়ে রয়েছে ১৬০টি প্রতিমা। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মণ্ডপ সাজানো ও প্রতিমা নির্মাণের প্রস্তুতি চলে প্রায় ছয় মাস ধরে। প্রতিমা তৈরির কাজে যুক্ত ছিলেন প্রায় ২০ জন কারিগর ও শ্রমিক। প্রতিমা নির্মাণের পাশাপাশি প্যান্ডেল, আলপনা, আলোকসজ্জা এবং অন্যান্য সাজসজ্জার কাজও করা হয়।
রাজমন্দিরের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা ডা. সুদীপ কুমার হালদার বলেন, তাঁর বাবার ইচ্ছা থেকেই দুর্গাপূজার আয়োজনের সূচনা। তাঁর বাবা চেয়েছিলেন, ছেলের বউ চিকিৎসক হলে বাড়িতে দুর্গাপূজার আয়োজন করা হবে। সেই ইচ্ছাকে কেন্দ্র করেই পূজার শুরু।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। শুরুতে পারিবারিক পরিসরে আয়োজন করা হলেও মানুষের ভালোবাসা ও আগ্রহের কারণে ধীরে ধীরে এর পরিসর বেড়েছে।
এদিকে গত রোববার (১৮ অক্টোবর) রাতে রাজমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ। এখানে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করেন এবং নিজ নিজ ধর্ম পালন করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। পারস্পরিক সুখ-দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়ে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে হবে।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি, সহকারী কমিশনার (ভূমি) এস এম আলআমিন, মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পৌরাণিক কাহিনিনির্ভর শিল্পকর্ম ও ব্যতিক্রমী প্রতিমা বিন্যাসের কারণে কবুতরখালীর রাজমন্দিরের দুর্গাপূজা মঠবাড়িয়াসহ পিরোজপুরের মানুষের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

















