বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আউটসোর্সিং প্রক্রিয়ায় নতুন কর্মী নিয়োগকে কেন্দ্র করে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে নামমাত্র বেতনে কাজ করেও নতুন নিয়োগে বাদ পড়ার অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করেছেন অস্থায়ী কর্মচারীরা। একপর্যায়ে তাঁরা হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে হাসপাতালের নিচতলায় এ কর্মসূচি পালন করেন নিয়োগবঞ্চিত আয়া, সুইপার ও ওয়ার্ডবয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও নতুন নিয়োগের বিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি। আগে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁদের বাদ দেওয়া হয়েছে।
দীর্ঘ ১৫ বছর ধরে আয়ার কাজ করা লাকি বেগম বলেন, মাত্র দুই হাজার টাকা বেতনে তিনি এতদিন হাসপাতালে সেবা দিয়ে আসছেন। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ চালু হলে তাঁদের স্থায়ীভাবে বা অগ্রাধিকার ভিত্তিতে রাখার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নতুন নিয়োগের বিষয়টি জানতে পেরে তাঁরা হতাশ হয়েছেন।
ক্লিনার হিসেবে কাজ করা নোমান বলেন, “আমাদের না জানিয়ে নতুন নিয়োগ দেওয়া অন্যায়। আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।”
এ বিষয়ে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, নিয়োগের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের সরাসরি কিছু করার ছিল না। সরকারি নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে ‘এইচআরডি’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিই ২৮ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছে।
তাঁর দাবি, নিয়োগপ্রক্রিয়ায় কাউকে সরাসরি অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার আইনগত এখতিয়ার হাসপাতাল প্রশাসনের নেই।
নিয়োগবঞ্চিত কর্মীদের অভিযোগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্নের বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট সবার বক্তব্যের ভিত্তিতে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হওয়া প্রয়োজন।


















