জনপথ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিতে যাচ্ছে সরকার। এসব শিক্ষার্থীকে শিক্ষাজীবনের একটি বছর অপেক্ষা না করিয়ে সম্ভব হলে এক মাসের মধ্যেই পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। এ বছর এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের সময় ও মূল্যবান শিক্ষাজীবন রক্ষায় এবার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটি বছর ঝরে না যায়, সে জন্য দ্রুততম সময়ে, সম্ভব হলে এক মাসের মধ্যেই পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা দীর্ঘসূত্রতা ছাড়াই পরবর্তী উচ্চশিক্ষার ধারায় যুক্ত হতে পারবেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এর মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন।
এবার জাতীয় পর্যায়ে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ এবং ছাত্রীদের ৫৬ দশমিক ৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী।
পরীক্ষার ফল মূল্যায়ন প্রসঙ্গে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনায় এবার পরীক্ষা গ্রহণের পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নেও শতভাগ নির্মোহ দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা হয়েছে। অতীতে জিপিএ-৫ কিংবা পাসের হার কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর যে সংস্কৃতি ছিল, তা থেকে বেরিয়ে এসে মেধার প্রকৃত মূল্যায়ন ও সততার সঙ্গে উত্তরপত্র মূল্যায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এসএসসি পরীক্ষার আদলে এবার প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও খাতার পূর্ণাঙ্গ পুনর্নিরীক্ষণের সুযোগ চালু করা হয়েছে।
পরীক্ষার পরিবেশ সম্পর্কে উপদেষ্টা বলেন, এবার পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায় অবলম্বন ঠেকাতে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে সিসিটিভির আওতা বাড়ানোর পাশাপাশি বডি ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সামগ্রিক মানসিক বিকাশ ও মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। শুধু পরীক্ষার ফলাফল দিয়ে একজন শিক্ষার্থীর যোগ্যতা বিচার করা উচিত নয়। জীবনের প্রতিটি ধাপে শিক্ষার্থীদের পাশে থেকে সাহস ও ইতিবাচক প্রেরণা জোগাতে হবে।
তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি শিক্ষার্থীর মেধা, মনন ও পছন্দ অনুযায়ী বিকশিত হওয়ার সমান সুযোগ তৈরি করা।
উচ্চমাধ্যমিক পাসের পর কর্মজীবনে প্রবেশে আগ্রহীদের জন্য তিন মাস, ছয় মাস কিংবা এক বছর মেয়াদি আধুনিক কারিগরি শিক্ষা, ভোকেশনাল কোর্স ও তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ তৈরি করতে আন্তমন্ত্রণালয় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—নিজ নিজ পছন্দের বিষয়ে পড়ার অনুকূল পরিবেশ নিশ্চিত করার কথা জানান উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব কেরামত আলী, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















