স্টাফ রিপোর্টার :
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দীর্ঘ ৫২ বছর ধরে অবৈধ দখলে থাকা সরকারি জমির উৎপাদিত ফসল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা সুপারি প্রকাশ্য নিলামে বিক্রি করে পাওয়া ১ লাখ ৪২ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িচর গাজীপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দড়িচর গাজীপুর গ্রামে মৃত বলেশ্বর নদের পাশে জেগে ওঠা প্রায় ১০০ একর জমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। স্বাধীনতার পর ১৯৭২ ও ১৯৭৩ সালে সরকার ওই জমির ৫৬ একর বিভিন্ন এলাকার ১৩০টি পরিবারকে স্থায়ী বন্দোবস্ত দেয়। তবে বন্দোবস্ত পাওয়া পরিবারগুলোর বসতবাড়ি জমি থেকে দূরে হওয়ায় এবং সামনে নতুন চর জেগে ওঠার সুযোগে স্থানীয় কিছু ব্যক্তি জমি নিজেদের দখলে নিয়ে ভোগদখল শুরু করেন। একপর্যায়ে সেখানে কলাবাগান ও সুপারি গাছের চাষ করা হয়।
প্রশাসন সূত্রে আরও জানা যায়, প্রায় এক মাস আগে ওই জমি থেকে সুপারি সংগ্রহ করতে গেলে অবৈধ দখলদারদের বাধা ও হামলার মুখে পড়েন প্রশাসনের লোকজন। এ ঘটনার পর শনিবার ব্যাপক প্রশাসনিক উপস্থিতিতে পুনরায় অভিযান চালানো হয়। এ সময় জীবনের ঝুঁকি নিয়ে সরকারি জমিতে উৎপাদিত সুপারি সংগ্রহ করেন প্রশাসনের লোকজন। পরে উদ্ধার করা সুপারি প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। নিলাম থেকে পাওয়া ১ লাখ ৪২ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, দড়িচর গাজীপুর গ্রামে সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ১০০ একর জমি দীর্ঘ ৫২ বছর ধরে অবৈধ দখলে ছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। শনিবার অভিযান চালিয়ে সরকারি সম্পত্তিতে উৎপাদিত সুপারি উদ্ধার করা হয়। পরে প্রকাশ্য নিলামের মাধ্যমে তা বিক্রি করে প্রাপ্ত ১ লাখ ৪২ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।















