Saturday , 7 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে মামলার বাদী-আসামির কথোপকথনের অডিও ভাইরাল :  ‘ওসির সঙ্গে অলরেডি কথা হইছে, সে ওটা ম্যানেজ করে দিবে’

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার বাদী ও ১৯ নম্বর আসামির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে মামলা থেকে আসামির নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে মোটরসাইকেল অথবা নগদ টাকা নেওয়ার বিষয়ে কথা বলতে শোনা যায় মামলার বাদী উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. মানিক মৃধাকে। কথোপকথনে তিনি বলেন, ‘ওসির সঙ্গে অলরেডি কথা হইছে, সে ওটা ম্যানেজ করে দিবে।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এস এম মামুন নামের একটি ফেসবুক আইডি থেকে অডিওটি প্রকাশ করা হয়। এরপর বিষয়টি নিয়ে পিরোজপুরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া অডিওতে অপর প্রান্তে কথা বলতে শোনা যায় মামলার ১৯ নম্বর আসামি মো. সুমন আল মামুন ওরফে সুমন ফকিরকে। তিনি উপজেলার বানিয়ারী গ্রামের রিয়াদুল ইসলামের ছেলে। আর বাদী মানিক মৃধা সদর ইউনিয়নের কলাতলা গ্রামের মৃত আশ্রাব আলী মৃধার ছেলে।
অডিওতে সুমন ফকিরকে মানিক মৃধার কাছে মোটরসাইকেল দেওয়ার প্রস্তাব দিতে শোনা যায়। তিনি জানান, ৭০ থেকে ৭৫ হাজার টাকার মধ্যে একটি মোটরসাইকেল দেখেছেন। সেটি পাঠিয়ে দেবেন, নাকি নগদ টাকা দেবেন, তা জানতে চান। জবাবে মানিক মৃধা বলেন, সুমনের নাম মামলায় রয়েছে, তা আগে জানলে তিনি নাম অন্তর্ভুক্ত হতে দিতেন না। এ সময় তিনি ওসির সঙ্গে কথা হয়েছে এবং বিষয়টি ম্যানেজ করে দেওয়ার আশ্বাস পাওয়ার কথাও বলেন।
কথোপকথনের একপর্যায়ে সুমন ফকির জানতে চান, তিনি পালসার নাকি প্লাটিনা মোটরসাইকেল দেবেন, নাকি নগদ টাকা দেবেন। জবাবে মানিক মৃধা নগদ টাকা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের ব্যবহৃত মোটরসাইকেলের মতো একটি পালসার কেনার কথাও উল্লেখ করেন। পাশাপাশি মামলায় সুমনের নাম থাকবে না বলে আশ্বস্ত করেন।
জানা গেছে, গত ৩০ অক্টোবর রাতে মানিক মৃধা বাদী হয়ে নাজিরপুর থানায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪৫ থেকে ৫০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, উপজেলার ৪ নম্বর দীর্ঘা ইউনিয়নের দীর্ঘা সেতুর ওপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে মিছিল ও স্লোগান দেন। এ ছাড়া সরকারের বিরুদ্ধে অপপ্রচার, সরকারি কাজে বাধা এবং দেশের অখণ্ডতা, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়।
মামলার ১৯ নম্বর আসামি সুমন আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
অডিওর বিষয়ে জানতে চাইলে মামলার বাদী মানিক মৃধা বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। এগুলো ষড়যন্ত্র। আমি তার কাছে গাড়ি চাইনি। সে নিজে থেকেই আমাকে গাড়ি দিতে চেয়েছে। তখন আমি বলেছি, গাড়ি লাগবে না, আমাকে টাকা দেন।’
ওসির সঙ্গে টাকা-পয়সার বিষয়ে কথা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওসি সাহেব আমাকে কোনো টাকা-পয়সার কথা বলেননি। টাকা এনে মামলা থেকে বাদ দেওয়ার কথাও বলেননি। আমি নিজেই বলেছি।’
নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবু হাসান খান বলেন, ‘এরা দুজনই খারাপ। বাদী এবং আসামি সুমন ফকির—সে প্রলোভন দেখিয়েছে, আর বাদী লোভে পড়েছে। দুজনই খারাপ লোক।’
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘মামলার পরে আমার সঙ্গে বাদীর কোনো কথা হয়নি। মামলার পরে বাদী কার সঙ্গে কথা বলবে, সেটা তো আমাকে জিজ্ঞেস করে বলবে না। অডিওটি আমি দেখেছি।’
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, ‘আমার মনে হয়, ওসি সাহেব মামলাটি তদন্ত না করেই রেকর্ড করেছেন। ৩০ তারিখের যে ঘটনা দেখানো হয়েছে, সেখানে কোনো ঘটনাই ঘটেনি। মামলার আসামিদের বেশির ভাগই ব্যক্তিগত বিরোধের কারণে আসামি হয়েছেন। মামলার উদ্দেশ্যই খারাপ, ফলাফলও খারাপ। এ মামলার কোনো মেরিট নেই।’
তিনি আরও বলেন, ‘যাদের আসামি করা হয়েছে, তাদের সঙ্গে বাদীর ব্যক্তিগত শত্রুতা রয়েছে। বাদীর বাড়ি কলাতলায়। কিছুদিন আগে ওই এলাকার একটি মেয়ের সঙ্গে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পরে বিষয়টি মীমাংসা করা হয়। ওই মেয়ের বাবাকেও এ মামলায় আসামি করা হয়েছে। এ ধরনের মিথ্যা মামলা দায়েরের পক্ষে আমি নই, বরং আমি এর বিপক্ষে।’

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরের জিয়ানগরে এডিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ, শোকজ পেলেন উপজেলা পরিষদের সিএ আরাফাত

জন্মদিনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হককে কাছে ডেকে শুভেচ্ছা; জঙ্গল সলিমপুর অভিযান ও আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসা প্রধানমন্ত্রীর

পিরোজপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি ‘শেখ হাসিনাকে বলেছিলাম, শোনেননি; শেষ পর্যন্ত দিনের আলোয় পালিয়ে যেতে হয়েছে’—পীর সাহেব মধুপুর 

পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন, স্থানীয় সকল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা মিয়া গোলাম পরওয়ারের

কাউখালীতে পাঁচ দিনব্যাপী শ্রীগুরু সংঘের রাস উৎসব সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্রম এলাকা পরিদর্শন

পিরোজপুর পৌর শ্মশানে চুরি ও প্রতিমা ভাঙচুর: সনাতন নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, দোষীদের গ্রেপ্তারের আশ্বাস

পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা

তারেক রহমান ঘোষিত জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের বর্ণাঢ্য মিছিল

পিরোজপুরে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

কাউখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নিরাপত্তা জোরদারে নানা নির্দেশনা