জিয়াউল হক :
“করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সমবায় মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম। এ সময় জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন এবং স্বনির্ভর সমাজ গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সফল সমবায়ীদের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
















