জনপথ ডেস্ক :
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুরুত্বপূর্ণ স্বরূপকাঠী-ইন্দেরহাট ফেরিঘাটে যাত্রী ও যানবাহন পারাপারে চরম অব্যবস্থাপনা, অনিয়ম এবং ভোগান্তির অভিযোগ উঠেছে। ফেরির ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও যানবাহন বোঝাই করে পারাপার করায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়ছেন সাধারণ যাত্রীরা। এদিকে ফেরিঘাটের অনিয়ম ও দুর্ভোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে ফেরির স্টাফদের হাতে স্থানীয় এক সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ফেরিঘাটের অনিয়ম ও যাত্রীদের দুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে গিয়ে বাধার মুখে পড়েছেন সংবাদকর্মীরাও। বুধবার দৈনিক মুক্তখবরের নেছারাবাদ উপজেলা প্রতিনিধি মো. মাহমুদুল হাসান মিলন তথ্য ও ভিডিও চিত্র সংগ্রহ করতে গেলে ফেরির স্টাফরা তাঁর কাজে বাধা দেন এবং তাঁর সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফেরিঘাটের অনিয়মের চিত্র ধারণের সময় স্টাফরা সাংবাদিকের ওপর চড়াও হন।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, ইন্দেরহাট ফেরিঘাটের অব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরতে গিয়ে সাংবাদিকদেরও দায়িত্ব পালনে বাধার মুখে পড়তে হচ্ছে। একটি সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, ‘ফেরিঘাটের অনিয়ম ও সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের কথা শুনেছি। এ ঘটনার একটি ভিডিও হাতে পেয়েছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
ফেরিঘাটের অব্যবস্থাপনা, যাত্রীদের নিরাপত্তাহীনতা এবং সাংবাদিকের সঙ্গে অসদাচরণের ঘটনায় স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, ফেরি পরিচালনায় শৃঙ্খলা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

















