Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মোরেলগঞ্জে ব্রিজ আছে, সংযোগ সড়ক নেই,  চরম ভোগান্তিতে ছয় গ্রামের মানুষ

মো. শাহজাহান খান, মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের বরইতলা ও ঠাকুরনতলা খালের ওপর নির্মিত বেইলি সেতুটি এক বছর ধরে পড়ে আছে দুই প্রান্তের অ্যাপ্রোচ (সংযোজক) সড়ক ছাড়াই। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজেই আসছে না; উল্টো চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ৬ গ্রামের হাজার হাজার মানুষকে।
সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার জিউধরা ইউনিয়নের বরইতলা ও ঠাকুরনতলা সংযোগ খালের ওপর সরকারি অর্থে সেতুটি ও কার্পেটিং রাস্তার কাজ প্রায় তিন বছর আগে শুরু হয়। সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ এক বছর আগে শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে ওঠা-নামার দুই প্রান্তে কোনো সংযোগ সড়ক তৈরি করা হয়নি। এতে সরকারের বিশাল অঙ্কের অর্থ খরচ হলেও সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ বিন্দুমাত্রও কমেনি।
প্রতিদিন এই সেতু পার হয়ে ইউনিয়নের ভেতরের বরইতলা, বাইনতলা, চন্দনতলা, মঠবাড়ী, ঠাকুরনতলা ও সোমদ্দারখালী—এই ছয় গ্রামের দুই-তিন হাজার মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন। এ ছাড়া সেতু পার হয়ে পার্শ্ববর্তী নিশানবাড়ীয়া ইউনিয়নের মৌলভীবাজার, আলীরবাজার, জয়বাংলা বাজার ও জিউধরা বাজারে নিয়মিত যাতায়াত করতে হয় সর্বসাধারণের।
সেতুটির উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় ঠাকুরনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩টি প্রাথমিক বিদ্যালয়, হাজি রাজাউল্লা মাধ্যমিক বিদ্যালয়, সৃজনস্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, ইউসুফিয়া আলিম মাদরাসা, তালিমুন্নেছা মহিলা দাখিল মাদরাসা, সোমদ্দারখালী দাখিল মাদরাসা, দক্ষিণ বাংলা কলেজ ও আলোকিত বাংলা টেকনিক্যাল কলেজের শত শত শিক্ষার্থী প্রতিদিন চরম ঝূঁকি নিয়ে যাতায়াত করছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কোমলমতি শিশু শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
এ ছাড়া এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার মতো কোনো সুযোগ থাকে না। বাজারে মালামাল নিতে দোকানদারদের গুণতে হচ্ছে অতিরিক্ত পরিবহন খরচ। মোটরসাইকেল বা ভ্যানসহ কোনো ধরনের যান চলাচল করতে না পারায় চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা রহিম শেখ, মজিবুর হাওলাদার ও জাকির খান ক্ষোভ প্রকাশ করে বলেন, ৩ বছর আগে কাজ শুরু হলেও ১ বছর ধরে অসমাপ্ত সেতুটি ফেলে রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা। সরকার সাধারণ মানুষের চলাচলের জন্য এত টাকা খরচ করে সেতু বানিয়ে দিল, অথচ আমাদের দুর্ভোগ ঘুচল না। দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে মানুষের যাতায়াত সহজ করার জোর দাবি জানাচ্ছি।
ঠাকুরনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সেতুর সংযোগ সড়ক না থাকায় আমাদের বিদ্যালয়ের ছোট ছোট শিশু শিক্ষার্থীদের পারাপারে মারাত্মক সমস্যা হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। আমরা দ্রুত কাজটি সম্পন্ন করার দাবি জানাই।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, জিউধরা ইউনিয়নের ঠাকুরনতলা ও বরইতলা সংযোগ খালের ওপর বেইলি সেতুটির কাজ প্রায় সমাপ্ত হয়েছে, শুধু দুই প্রান্তে ওঠার অ্যাপ্রোচ সংযোগের কাজটি বাকি রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান যদি কাজ বন্ধ রেখে থাকে, তবে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

পিরোজপুরে পর্যটন, দুর্যোগ ও সামাজিক নিরাপত্তা নিয়ে তিন গুরুত্বপূর্ণ সভা

জামায়াত নেতাকে বাড়িতে ঢুকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, মন্দিরের জমি ও সুপারি বাগান নিয়ে বিরোধ, হাসপাতালে ভর্তি; পাল্টাপাল্টি বক্তব্য দুই পক্ষের

পিরোজপুরে শহীদ জিয়া স্মৃতি জেলা পরিষদ প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ৬৪তম বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল নিবন্ধন প্রস্তুতি কোর্সের শুভ উদ্বোধন

খুলনায় মঙ্গলবার থেকে শুরু বিভাগীয় বইমেলা, থাকছে ৯০ স্টল

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

ইউজিসি’র প্রকল্পসমূহের বাহুল্য খরচ কমাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

ইউজিসি’র প্রকল্পসমূহের বাহুল্য খরচ কমাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

ডেঙ্গু মোকাবিলা ও পরিচ্ছন্ন শহর গড়তে পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ পুলিশের পেশাদার নেতৃত্বে উজ্জ্বল নাম, পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক