মনিরুল ইসলাম চৌধুরী : ডেঙ্গু মোকাবিলা, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে পিরোজপুরে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে সরকার ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের আয়োজনে এবং পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে শহরের উকিলপাড়া ও বাইপাস এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল মল্লিকসহ স্থানীয় সচেতন ব্যক্তিরা।
অভিযানকালে সংশ্লিষ্ট এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।
পিরোজপুর শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুর ঝুঁকিমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


















