জনপথ ডেস্ক : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে কালিগঙ্গা নদীতে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী-ভরতকাঠী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাত ১২টার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। এ ছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিহত শিশুর নাম অদ্রিতা বেপারী (৯)। সে নেছারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর মেয়ে। নিখোঁজ রয়েছেন তার মা রিনা বেপারী (৪৫)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ট্রলারটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ট্রলারে থাকা অধিকাংশ যাত্রী সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন। তবে দুর্ঘটনার পর থেকে অদ্রিতা ও তার মায়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
খবর পেয়ে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাত ১২টার দিকে অদ্রিতার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ঋনা বেপারীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রলারে কয়েকটি মোটরসাইকেলও ছিল। সেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
















