জনপথ ডেস্ক :
গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা। প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান (এপিসি)।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। দুপুর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোনো ধরনের মহড়া চোখে পড়েনি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের সুবিধার্থে সর্বোচ্চসংখ্যক সদস্যের শরীরে বডি-ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাঠের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও সার্বক্ষণিক এসব কার্যক্রম তদারকি করা হচ্ছে। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর অধীনে সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন বিজিবি সদস্যরা।
















