Monday , 16 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নগর ভবনে পেট্রোল বোমা, জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা মঞ্জুর

মাসুম বিল্লাহ, খুলনা : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। চলন্ত মোটরসাইকেল থেকে ছোড়া বোমাটি ভবনের সামনের সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এ হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, অপরাধে রাজনৈতিক কর্মীরাও জড়িত থাকলে তাঁদের ছাড় দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে নগর ভবনের সামনের সড়ক থেকে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলন্ত মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। বোমাটি ভবনের সামনের সিঁড়িতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। পরে নগর ভবনের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে টুটপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট পৌঁছালেও ততক্ষণে আগুন নিভে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি ভবনের সিঁড়িতে পড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে নগর ভবনের বিপরীতে শহীদ হাদিস পার্কের দেয়ালে লাল রঙের স্প্রে দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নাম লেখা দেখা গেছে। তবে এ লেখার সঙ্গে পেট্রোল বোমা হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় ঘটনাস্থল পরিদর্শন ও হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সিটি করপোরেশন মানুষের কল্যাণ ও সেবার জন্য কাজ করে। এটি কারও রাজনৈতিক প্রতিপক্ষ নয়। এমন একটি সেবামূলক প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তাঁরা হতবাক। তিনি ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

হামলার পেছনে সম্ভাব্য কারণ তুলে ধরে মঞ্জু বলেন, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রধানমন্ত্রী তাঁদের ঢাকায় ডেকে কথা বলেছেন। তাঁরা সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। তাঁর ধারণা, এ হামলার পেছনে দুটি কারণ থাকতে পারে। একটি হলো, রাজনৈতিক উদ্দেশ্যে জাতীয় পর্যায়ে সংবাদ শিরোনাম তৈরি করে আতঙ্ক ছড়ানো। অন্যটি হলো, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তাদের প্রতিক্রিয়া। তবে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তিনি বলেন, পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এটি সাধারণ মানুষের ভিড়ে পড়লে প্রাণহানিসহ বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। তাই এ ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই।

নগরীর নিরাপত্তা জোরদারে পুরো খুলনা শহরকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান কেসিসি প্রশাসক। তিনি বলেন, এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। দুই সংস্থা যৌথভাবে কার্যক্রমটি বাস্তবায়ন করবে। এসব ক্যামেরার মাধ্যমে ব্যক্তি, গাড়ি ও ইজিবাইক শনাক্ত করে অপরাধীদের অবস্থান দ্রুত নির্ণয় এবং গ্রেপ্তার করা সম্ভব হবে।

মঞ্জু আরও বলেন, হামলার পর পুলিশ কমিশনারের সঙ্গে তাঁর কথা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং কিছু তথ্য সংগ্রহ করেছে। শিগগিরই হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার। কেসিসিও বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করবে।

নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মানুষকে জিম্মি করে কোনো রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন কিংবা অবৈধ অর্থ উপার্জনের সুযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রী খুলনাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। অপরাধে রাজনৈতিক কর্মীরাও জড়িত থাকলে তাঁদের ছাড় দেওয়া হবে না বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শিরিন খানমের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ

পিরোজপুরে চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক, পরীক্ষার ফল বিপর্যয়ে অসন্তোষ প্রকাশ

বছরের পঞ্চম মাস শেষে শিক্ষার্থীদের দেয়া হলো স্মার্ট আইডির বদলে ফটো পেপারের কাগুজে করা আইডি কার্ড, কর্তৃপক্ষের কর্মকাণ্ডে ক্ষুব্ধ পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকরা

পিরোজপুরের নেছারাবাদে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

পিরোজপুরে পরিবার পরিকল্পনা কমিটির সভা, সেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজের তাগিদ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একাধিক চুরি মামলার আসামি পেশাদার চোর গ্রেপ্তার

পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩, পলাতক ২

পিরোজপুরে অর্থনৈতিক জোন ও রেললাইন সম্প্রসারণের অনুমোদনে জেলা বিএনপির আনন্দ মিছিল

জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখলেন পিরোজপুরের কৃতী সন্তান প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর