জনপথ ডেস্ক : পিরোজপুরে জেলা পরিবার পরিকল্পনা কমিটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তুহিন কান্তি ঘোষ। সভায় জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, পরিবার পরিকল্পনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির সুফল যেন প্রত্যন্ত এলাকার মানুষও পায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।
সভায় পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তারা, পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জেলা পরিবার পরিকল্পনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।














