ডেস্ক নিউজ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে মো. দ্বিপু (২৩) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার অলংকারকাঠি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে গাঁজা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ।
তিনি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকের বিস্তার রোধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















