ডেস্ক নিউজ : দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আজিম হাওলাদারকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৫ জুলাই) ঢাকা মহানগরের মতিঝিল থানাধীন দৈনিক বাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৮, সিপিএসসি বরিশাল এবং র্যাব-১০ সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আজিম হাওলাদার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা। তিনি ইসলাম (ইসমাইল) হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, ভান্ডারিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা (মামলা নং-১০, তারিখ: ১৭ মে ২০০৮) বিচার শেষে আদালতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজিম হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, যা দীর্ঘদিন ধরে ভান্ডারিয়া থানায় কার্যকর ছিল।
র্যাব আরও জানায়, দীর্ঘদিন পলাতক থাকা ওই আসামি অত্যন্ত কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয় এবং তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।













