ডেস্ক নিউজ : হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে জেলা এনসিপির উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জেলা সদস্যসচিব মইনুল আহসান মুন্না, যুগ্ম আহ্বায়ক আল আমীন খান, যুগ্ম সদস্যসচিব আলতাফ হোসেন শেখ, জেলা যুবশক্তির আহ্বায়ক শাহনেওয়াজ অভি এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ শিকদারসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, গত ২৮ জুলাই হবিগঞ্জে জুলাই পদযাত্রা চলাকালে এনসিপির নেতাকর্মীদের ওপর চিহ্নিত সন্ত্রাসীদের হামলা গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুতর আঘাত। জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হওয়ার আগেই আন্দোলনের নেতাদের ওপর এ ধরনের হামলা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক বলেও তারা মন্তব্য করেন।
পথসভা থেকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।















