জনপথ ডেস্ক : পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার রেণুপোনাসহ তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আটক তিনজনকে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা রেণুপোনা বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে পিরোজপুর সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল-আমীন।
অভিযানকালে সাতটি ড্রামে আনুমানিক ২০ হাজার রেণুপোনা পাওয়া যায়। এ সময় রেণুপোনা পরিবহনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বাগেরহাটের নওয়াপাড়া এলাকার আরিজুল শেখের ছেলে বেল্লাল হোসেন (৩২), রামপালের মল্লিকের বের এলাকার আবদুল হাইয়ের ছেলে ইমরান (৩২) এবং ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর এলাকার কাঞ্চন পাটওয়ারীর ছেলে মো. শাহবুদ্দিন (৫২)।
পরে জব্দ করা প্রায় ২০ হাজার রেণুপোনা বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়।
প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণ এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
















