জনপথ ডেস্ক : পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুর এলজিইডি সংলগ্ন বাইপাস সড়কে এ সভা অনুষ্ঠিত হয়।
এলজিইডি সংলগ্ন বাইপাস সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলিফ আহম্মেদ রাজিব।
সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন, এলজিইডি সংলগ্ন বাইপাস সড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির পাশাপাশি স্থানীয় পর্যায়েও সচেতনতা ও সামাজিক প্রতিরোধ বাড়াতে হবে। যুবকদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ সৃষ্টি, মাদকবিরোধী সভা, বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলোচনা সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক এবং এসব প্রতিরোধে সামাজিকভাবে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

















