জনপথ ডেস্ক : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দাওয়া ইউনিয়নের ভোলতা গ্রাম থেকে ইয়াবা ও গাঁজাসহ জাকারিয়া ও সুমন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবের তত্ত্বাবধানে এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের কর্মকর্তা ও সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, “মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক নির্মূল এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


















