স্টাফ রিপোর্টার : মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পিরোজপুর শহরের আদর্শপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আদর্শপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে এলাকাবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন। অপরাধীদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি জেলায় রাতের পুলিশি টহল বাড়ানোর কথাও উল্লেখ করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
মো. মনজুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) পিরোজপুর সদর মোঃ সাইদুন নবী জোহা, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল্লাহ শহিদ, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান এবং কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভা সঞ্চালনা করেন জেলা কৃষকদলের সভাপতি মো. নাসির আহমেদ বাচ্চু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
















