জিয়াউল হক : পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সভাপতি এবং জেলা বিএনপির সাবেক অন্যতম সদস্য আব্দুস সালাম (সালাম সেখ) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৪ নভেম্বর) রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে কদমতলা জর্জ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
তার মৃত্যুতে কদমতলা ইউনিয়নসহ পুরো পিরোজপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে স্থানীয় মানুষের সেবা ও এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন মার্জিত, সৎ ও সদালাপী মানুষ। স্থানীয়দের মতে, কদমতলা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তার মৃত্যুতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


















