জনপথ ডেস্ক : নজরুলসংগীত প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর বরিশাল বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অর্জন করেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ফজিলা রহমান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আইপি মিত্রা। এ সাফল্যের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে সে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। নজরুলসংগীতে ধারাবাহিক সাফল্যে আইপি মিত্রার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নজরুলসংগীত প্রতিযোগিতার শুরুতে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে আইপি মিত্রা। এরপর জেলা পর্যায়েও সেরা হওয়ার কৃতিত্ব দেখায় সে। সর্বশেষ বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করে এই শিক্ষার্থী।
এদিকে, ‘বাংলার সারেগামাপা প্রতিযোগিতা-২০২৬’-এর চূড়ান্ত পর্বেও অংশ নিয়েছে আইপি মিত্রা। গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তার অংশগ্রহণ সংগীতচর্চায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
নজরুলসংগীতে একের পর এক সাফল্য অর্জন করায় আইপি মিত্রাকে অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের প্রত্যাশা, জাতীয় পর্যায়েও নিজের প্রতিভা ও সংগীতদক্ষতার স্বাক্ষর রেখে পিরোজপুর জেলার সুনাম বয়ে আনবে আইপি মিত্রা।


















