মোঃ হাবিবুর রহমান: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৭ নভেম্বর) বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে বেলা ১২টায় শহরের সিও অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। এ সময় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন সৈনিক ও জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল। ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র রক্ষা এবং জাতীয় ঐক্য সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।















