ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে সড়কের পাশে বন বিভাগের ১৩টি গাছ অবৈধভাবে বিক্রি ও কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব আল মাসুদ বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. হাবিবুর রহমান ডাকুয়া, মো. বেল্লাল আকন ও আব্দুল হালিমসহ কয়েকজনের বিরুদ্ধে গাছগুলো আব্দুল আলিম নামের এক গাছ ব্যবসায়ীর কাছে বিক্রির অভিযোগ উঠেছে। পরে ওই ব্যবসায়ী শ্রমিক নিয়ে গাছ কাটতে গেলে বিষয়টি জানাজানি হয়।
খবর পেয়ে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় বেলায়েত নামে এক শ্রমিককে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে যান। অভিযানকালে কেটে ফেলা সরকারি গাছগুলো জব্দ করা হয়।
আটক শ্রমিক বেলায়েত নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি শ্রমিক হিসেবে গাছ কাটতে এসেছেন। গাছ কেনাবেচার বিষয়ে তিনি কিছুই জানেন না। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, গাছগুলো বিক্রির অনুমোদন ছিল কি না এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার দিন সরকারি ছুটি থাকায় বন বিভাগের কোনো কর্মকর্তা বা প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

















