রিয়াদ মাহামুদ, কাউখালি : পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কার্যকরী কমিটি নিয়ে দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছে আশ্রম কর্তৃপক্ষ। একই সঙ্গে আশ্রমের সাবেক এক কোষাধ্যক্ষের বিরুদ্ধে কোটি টাকার বেশি তহবিল আত্মসাতের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেছে সংগঠনটি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আশ্রমের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত।
লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে ‘কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। আশ্রমের বর্তমান কার্যকরী কমিটি গঠনতন্ত্র এবং দেশের প্রচলিত আইন অনুসরণ করে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হয়েছে। তাই কমিটির বৈধতা নিয়ে প্রকাশিত সংবাদে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে দাবি করেন আশ্রম নেতারা।
সংবাদ সম্মেলনে আশ্রমের সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষের বিরুদ্ধে অডিটে এক কোটি টাকার বেশি তহবিল আত্মসাতের প্রমাণ পাওয়ার অভিযোগ করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ইতোমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়। আশ্রম কর্তৃপক্ষের দাবি, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে তিনি একটি কুচক্রী মহলের সহযোগিতায় আশ্রমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, রতন লাল কর আশ্রমের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংশ্লিষ্ট রয়েছেন। অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত ও আশ্রমের সাবেক সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণের পর অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তাঁদের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে আশ্রম কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে আশ্রম নেতারা অভিযোগ করেন, আগামী ২৫ নভেম্বর শ্রীশ্রী মদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উৎসবকে বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। তবে সব বাধা উপেক্ষা করে উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ সময় উৎসব আয়োজনের ক্ষেত্রে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আশ্রম নেতারা। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সহ-সভাপতি শংকর দেবনাথ, সহ-সাধারণ সাংগঠনিক সম্পাদক ভক্ত রঞ্জন কর্মকারসহ আশ্রমের অন্যান্য নেতৃবৃন্দ।
















