জিয়াউল হক :
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িসহ দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তাঁর গ্রামের বাড়িতে এবং একই দিন সন্ধ্যায় নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তাঁর অপর একটি বাড়িতে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি বিক্ষুব্ধ দল তারাবুনিয়া এলাকায় ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর প্রায় আধা ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তাঁর আরেকটি বাড়িতেও হামলা চালানো হয়। সেখানে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়।
তবে দুটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের উপজেলা সদরের বাড়িতে একদল বিক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুনেছেন। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
















