ডেস্ক নিউজ : সারাদেশের সঙ্গে মিল রেখে পিরোজপুরেও আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ ২০২৬-২৭-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি উপভোগ করা হয়। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক আবু সাঈদ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। নজরুলের আদর্শ চর্চার মধ্য দিয়েই একটি বৈষম্যহীন, মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণ সম্ভব।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, নজরুল বর্ষ উপলক্ষে জেলায় বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব আয়োজন সফলভাবে বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মীসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, নজরুল বর্ষ উপলক্ষে বছরব্যাপী পিরোজপুরে সাহিত্য, সংগীত, আবৃত্তি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।













