Sunday , 26 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

এতিমের সংখ্যা নিয়ে প্রশ্ন, ভান্ডারিয়ার এতিমখানায় সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ

ডেস্ক নিউজ : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার একটি এতিমখানায় সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সরকারি নথিতে ১৭৫ জন এতিম ও দুস্থ শিশুর নামে নিয়মিত অনুদান বরাদ্দ দেখানো হলেও সরেজমিনে এতিমখানার বাস্তব চিত্রে দেখা গেছে বড় ধরনের অসঙ্গতি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
জানা যায়, উপজেলার দারুলহুদা গ্রামে পিরোজপুর-মঠবাড়িয়া মহাসড়কের পাশে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসা ক্যাম্পাসে অবস্থিত দারুলহুদা নেছারিয়া এতিমখানাটি সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত হয়। সরকারি হিসাবে ১৭৫ জন এতিম ও দুস্থ শিশুর জন্য জনপ্রতি মাসে ২ হাজার টাকা হিসেবে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, যা ছয় মাস অন্তর ছাড় করা হয়। অভিযোগ রয়েছে, বরাদ্দের অর্থ প্রতিষ্ঠানের সভাপতি মনিরুল হক জমাদ্দার ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক খানের যৌথ ব্যাংক হিসাবে জমা হয়। আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদসহ তারা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, এতিমখানায় জরাজীর্ণ একটি ভবনে আনুমানিক ২০ থেকে ২৫টি বেড রয়েছে। সংবাদ সংগ্রহের সময় সেখানে উপস্থিত ছিল মাত্র ১০ থেকে ১২ জন শিশু। সেখানে অবস্থানরত শিশুদের দাবি, প্রতিষ্ঠানে মোট এতিম ও দুস্থ শিশুর সংখ্যা ৪০ থেকে ৪৫ জনের বেশি নয়। অন্যদিকে প্রতিষ্ঠানের বাবুর্চি জানান, প্রতিদিন তিনি সর্বোচ্চ ৫০ থেকে ৬০ জনের জন্য খাবার রান্না করেন। এসব তথ্য সরকারি নথিতে উল্লেখিত ১৭৫ জন সুবিধাভোগীর সংখ্যার সঙ্গে মিলছে না বলে অভিযোগ উঠেছে।
সরকারি বরাদ্দের নথি, সুবিধাভোগীর তালিকা ও অন্যান্য কাগজপত্র দেখতে চাইলে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ কোনো তথ্য দিতে রাজি হননি। তিনি এ বিষয়ে সাধারণ সম্পাদক আব্দুল খালেক খানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
পরে মোবাইল ফোনে আব্দুল খালেক খানের সঙ্গে যোগাযোগ করে হাজিরা খাতা, ভর্তি সংক্রান্ত জন্মনিবন্ধন, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় নথি দেখতে চাওয়া হলে তিনি জানান, তিনি বরিশালে অবস্থান করছেন। এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর সাড়া দেননি।
এদিকে অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্ন মাধ্যমে চাপ প্রয়োগেরও চেষ্টা করা হয়েছে।
প্রতিষ্ঠানের সভাপতি মনিরুল হক জমাদ্দারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ জানান, সভাপতি বর্তমানে ঢাকায় রয়েছেন। তবে তার মোবাইল নম্বর চাইলে সেটি তার কাছে নেই বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, প্রকৃত সুবিধাভোগীর সংখ্যা, সরকারি অর্থের ব্যবহার এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। তদন্তে অনিয়ম বা ভুয়া তথ্যের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব নথিপত্র সংরক্ষণেরও দাবি জানান তারা।
এ বিষয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইব্রাহিম খলিল বলেন, “আমি সম্প্রতি অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছি। অভিযোগ পাওয়ার পর ভান্ডারিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এতিম ও দুস্থদের প্রাপ্য কোনোভাবেই আত্মসাৎ হতে দেওয়া হবে না। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

৬৬ নং খামকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নামে ফটোসেশন, পরদিনই গবাদিপশুর আক্রমণে মৃতপ্রায় চারা

পিরোজপুরে ৬৪তম বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল নিবন্ধন প্রস্তুতি কোর্সের শুভ উদ্বোধন

পিরোজপুরে প্রতিবন্ধী সেবার মানোন্নয়নে জেলা স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত, ৩০ প্রতিবন্ধী পাচ্ছেন হুইলচেয়ার, ক্রাচ ও ট্রাইসাইকেল

ভান্ডারিয়া পৌরশহরে ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের অভিযান

কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান

পিরোজপুর জেলা হাসপাতালে বেডের ওপর হটাৎ খসে পড়ল ছাদের পলেস্তারা, আহত ৮ বছরের শিশু

পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাউখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে ১৭৫ শিক্ষার্থী

মঠবাড়িয়ার মাঠে ডিসি আবু সাঈদ, ঘুরে দেখলেন সরকারি সেবা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ‘রায় সাহেবের বাড়ি’

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ‘রায় সাহেবের বাড়ি’