জনপথ ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিপণি ভবন, খাল ও উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের মঠবাড়িয়া উপজেলা পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালনা করা হয়।
সফরের শুরুতে গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক। পরে উত্তর বড় মাছুয়া জামতলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।
এরপর বড় মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের অভিভাবক সমাবেশে যোগ দেন জেলা প্রশাসক। সেখানে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া ৮ নম্বর বড় মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ, মঠবাড়িয়া বহুতলবিশিষ্ট বিপণি ভবন (ফিস মার্কেট) এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসব প্রতিষ্ঠানে সরকারি সেবা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি ও জনসেবা প্রদানের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।
দিনব্যাপী সফরে মিরুখালী-সাফা খালের ভাঙ্গাপোল এবং ধানীসাফা ইউনিয়নের ভাঙ্গাপোল থেকে মিরুখালী বাজার পর্যন্ত মডেল খালও পরিদর্শন করেন আবু সাঈদ। এ সময় খালগুলোর বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি সরেজমিনে দেখেন তিনি।
সফরের শেষ পর্যায়ে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন জেলা প্রশাসক।
এ সময় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাঠপর্যায়ে সরকারি সেবা কার্যক্রমের বাস্তব চিত্র জানা, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের সরেজমিন পরিদর্শন অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।















