ডেস্ক নিউজ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার অলংকারকাঠি এলাকায় জেলা তথ্য অফিস, পিরোজপুর ইউনিসেফ বরিশালের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে নার্সারিতে কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে মালিক ও শ্রমিকদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন এবং পরিচালক (প্রশাসন) এম এ মোমেন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মহাপরিচালক স্থানীয় স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে নার্সারি এলাকা ও আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পরে জেলা তথ্য অফিসের উদ্যোগে অলংকারকাঠি মহাসড়কে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক একটি র্যালি অনুষ্ঠিত হয়।

















