জনপথ ডেস্ক : পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গাজী নুরজ্জামান বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ এবং মরহুম গাজী নুরুজ্জামান বাবুলের সন্তান, বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্রসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন।
স্মরণসভায় বক্তারা মরহুম গাজী নুরজ্জামান বাবুলের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, গাজী নুরজ্জামান বাবুল পিরোজপুরের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অবদানও স্মরণ করেন বক্তারা।
বক্তারা বলেন, দলের জন্য যারা দীর্ঘদিন নিবেদিত থেকে কাজ করেছেন এবং যেসব প্রবীণ নেতাকে হারিয়েছি, তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা আমাদের দায়িত্ব। তাদের আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও আহ্বান জানান তারা।
আয়োজকরা বলেন, গাজী নুরজ্জামান বাবুলের রাজনৈতিক অবদান ও মুক্তিযুদ্ধের ভূমিকা স্মরণ এবং তাঁর আত্মার মাগফিরাত কামনাতেই এ আয়োজন করা হয়েছে।
স্মরণসভা শেষে মরহুম গাজী নুরজ্জামান বাবুলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
















