জনপথ ডেস্ক : মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বানের মধ্য দিয়ে পিরোজপুরের নাজিরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শাখারিকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে ডুমুরিয়া ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চিতলমারি ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শাখারিকাঠি ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন।
নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সাফায়েত হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শাখারিকাঠি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালেক ও উপজেলা ছাত্রদলের সভাপতি শামিম হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।


















