জনপথ ডেস্ক : ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন—পদক্ষেপ নিন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে হৃদ্রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম দিপুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর ডায়াবেটিস সমিতির সিনিয়র চিকিৎসক ডা. হাবিবুর রহমান, হার্ট ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নাসিম আলী, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক আহসানুল কবির।
আলোচনা সভায় বক্তারা বলেন, হৃদ্রোগের ঝুঁকি কমাতে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলা, ধূমপান পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। পাশাপাশি হৃদ্রোগের বিভিন্ন উপসর্গ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে দ্রুত উপসর্গ শনাক্ত করে যথাসময়ে চিকিৎসার আওতায় আনা গেলে জটিলতা ও মৃত্যুঝুঁকি কমানো সম্ভব। এ জন্য ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতার পাশাপাশি হৃদ্স্বাস্থ্য বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
কর্মসূচিতে পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের সদস্য, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


















