জনপথ ডেস্ক : কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। নিহত ও আহত ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘শিখা ইন’ হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়ায় পুরো হোটেল ভবন ঢেকে গেলে ভেতরে থাকা আবাসিক অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে কক্ষে আটকা পড়েন।
খবর পেয়ে কলকাতা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং হোটেলের ভেতরে আটকে পড়া অতিথিদের উদ্ধারে অভিযান চালান। আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলকাতা পুলিশের এক শীর্ষ কর্মকর্তার বরাতে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, অগ্নিকাণ্ডে ৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনেও নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার কথা বলা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি কলকাতা পুলিশ।
হোটেলটির এক আবাসিক অতিথি মো. রফিকুল ইসলাম স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, রাত পৌনে ২টার দিকে তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো হোটেল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তাঁর দাবি, হোটেলে প্রবেশ ও বের হওয়ার পথ ছিল সরু ও অপ্রশস্ত এবং সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।
কলকাতা ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পাঁচতলা ভবনটির বিভিন্ন তলায় বিভিন্ন নামে একাধিক আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতিই বেশি দেখা যায়। চিকিৎসার জন্য কলকাতায় আসা বাংলাদেশিরা নিউমার্কেট ও আশপাশের এলাকার এসব হোটেলে অবস্থান করেন।















