জনপথ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় অনুষ্ঠানের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা, অনুদান বা কোনো ধরনের অর্থ সংগ্রহ না করার নির্দেশ দিয়েছেন পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে দেওয়া এক বার্তায় তিনি এ নির্দেশনা দেন।
আহম্মদ সোহেল মনজুর বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো ধরনের অনুদান, চাঁদা দাবি, চাঁদা আদায় বা অর্থ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ। দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে অভিযোগ ও প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কোনো ধরনের চাঁদাবাজি, সুবিধাবাদী কর্মকাণ্ড, ব্যক্তিস্বার্থ হাসিল কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
দলের শৃঙ্খলা, নীতি ও ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বার্তার শেষে আহম্মদ সোহেল মনজুর বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।”
















