জনপথ ডেস্ক : ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পিরোজপুরের সাংবাদিক মহলসহ পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আমির খসরুর মরদেহ পিরোজপুরে নিয়ে আসা হবে। সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। তবে জানাজা ও দাফনের নির্দিষ্ট সময় এখনও জানা যায়নি।
আমির খসরু বাংলাদেশের সাংবাদিকতা জগতের পরিচিত মুখ ছিলেন। তিনি দীর্ঘদিন ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পিরোজপুর শহরের সিআই পাড়া এলাকায় তাঁর বাড়ি।
এর আগে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের কাছে দোয়া চাওয়া হয়েছিল।
তাঁর মৃত্যুতে পিরোজপুরের সাংবাদিক সমাজ একজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সাংবাদিককে হারাল।

















